যমুনা গ্রুপের রিটেইল ফ্যাশন ব্র্যান্ড হুরের (Hoor) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার যমুনা ফিউচার পার্কের লেভেল-১ এর ইস্ট কোর্ট জোনে অবস্থিত সুপরিসর হুরের ফ্ল্যাগশিপ আউটলেটে দিনব্যাপী এ আয়োজন চলছে।
এদিন বিকাল ৪টায় কেক কেটে হুরের প্রথম জন্মদিন পালন করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- যমুনা গ্রুপের পরিচালক এসএম আবদুল ওয়াদুদ, যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও তানিয়া মেহনাজ ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যমুনা গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশন্স) ড. মোহাম্মদ আলমগীর আলম।
হুরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্যে অ্যাডভোকেট সালমা ইসলাম যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
হুরের প্রশংসায় সালমা ইসলাম বলেন, দেশের মানুষকে রিটেইল ফ্যাশন ব্র্যান্ড হুর উপহার দিয়েছেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি ‘হুরের’ প্রতিষ্ঠাতা। আপনারা জানেন যে, এখন পর্যন্ত যমুনা গ্রুপে সর্বশেষ সংযোজন এই হুর। হুর প্রতিষ্ঠায় নুরুল ইসলামের একটা বড় উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন, বিদেশি ব্রান্ডের পোশাকে আকর্ষিত ফ্যাশন সচেতনরা যেন বাংলাদেশের তৈরি পণ্য ব্যবহার করে। দেশের অর্থ যেন দেশেই থাকে। এক বছর পর আজ হুরের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থেকে আমি বুঝতে পারছি, ১০০ ভাগ সফল হয়েছে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের উদ্দেশ্য। আমরা দেখছি, কেবল দেশের মানুষই নয়, বিদেশ থেকে বাংলাদেশে আসা মানুষেরাও হুর থেকে পোশাক ও অন্যান্য পণ্য কিনছেন দু’হাত ভরে। এভাবে সগৌরবে দেশকে প্রতিনিধিত্ব করছে হুর। আমরা চাই, হুরের পণ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে। প্রত্যেক নারী যেন হুর ব্র্যান্ডের পোশাক পরে আধুনিক ফ্যাশনের অনুভব করতে পারে- এটিই হুরের প্রত্যাশা।
উল্লেখ্য, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনে সেজেছে যমুনা ফিউচার পার্কের হুরের আউটলেট। এক বছর পূর্তি উপলক্ষে হুর আজ দিনব্যাপী তাদের সব পণ্যে ৫০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট রেখেছে। শেষ বিকালে দেশের ফ্যাশন শিল্পের সেলিব্রেটিদের মিলনমেলায় পরিণত হয় হুরের আউটলেট। এছাড়াও শুভ জন্মদিন উপলক্ষে হুরে আয়োজিত হচ্ছে মনোমুগ্ধকর ফ্যাশন শো ও ডিজে পার্টি।
প্রসঙ্গত, নিত্যনতুন পোশাকি পণ্য উপহার দেওয়ার প্রত্যয়ে এক বছর আগে এই দিনে রাজধানীর হোটেল রেডিসনে বর্ণিল ফ্যাশন উৎসবের মাধ্যমে যাত্রা শুরু করে হুর।
এরপর বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতিকে সামাল দিয়ে বর্তমানে সমহিমায় প্রতিষ্ঠিত এ রিটেইল ব্র্যান্ডটি।
প্রতিষ্ঠার পর হুরের ১০০ রিটেইল শপ খোলার ইচ্ছা ছিল যমুনা গ্রুপ চেয়ারম্যানের। তবে করোনা মহামারির কারণে হুরকে যমুনা ফিউচার পার্কে ফ্ল্যাগশিপ আউটলেটেই সীমাবদ্ধ রাখা হয়েছে আপাতত। করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে রাজধানী ও দেশব্যাপী শত শত আউটলেটের মাধ্যমে হুর পৌঁছে যাবে দেশের সব ফ্যাশন-সচেতন নারীদের দোরগোড়ায়।
লাইটনিউজ