বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৮ ট্রাকে ১১১ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
রোববার (১৪ মার্চ) বিকাল ৪টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক দ্রব্যের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে।
বন্দর সূত্রে জানায়, এক লাখ ২২ হাজার ৪৭২ ডলার মূল্যে ১১১ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। যা বাংলাদেশি টাকায় মূল্য এক কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৮২ টাকা। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।
এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকটির চালান খালাসে জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন এএস ইন্টারন্যাশনাল নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
লাইটনিউজ