স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ব্যাটিংয়ে দলের গর্বের জায়গায় চোট লেগেছে বলে মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের দাবি, দলের ব্যাটিং সামর্থ্যের সত্যিকার প্রতিফলন পড়েনি। ব্যর্থতার দায়ও নিজেদের কাঁধে নিচ্ছেন তিনি। ডুনেডিনে গতকাল শনিবার বাংলাদেশ গুটিয়ে যায় ১৩১ রানে। তিন সংস্করণ মিলিয়ে এই মাঠে আগে ব্যাট করা দলের সর্বনিম্ন স্কোর এটি। তাদের ছোট্ট পুঁজিতে অনুমিতভাবেই জমে ওঠেনি লড়াই। নিউজিল্যান্ড জিতে যায় ৮ উইকেটে। ম্যাচ শেষে তিনি মেনে নিলেন তাদের ভুল।
সকালে ব্যাটিং করাটা একটু কঠিন ছিল। সিম হচ্ছিল, সুইং হচ্ছিল। কিন্তু আমাদের আউটগুলো যদি দেখেন, ৩-৪টা আউট খুবই সফট ছিল। যেগুলা আমরা আশা করি না। আমাদের ব্যাটিংয়ে আমরা অনেক গর্ব খুঁজে নেই। ১৩০ রান করার মতো দল আমরা নই, যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন।
অবশ্যই আমরা ভালো খেলিনি। শট নির্বাচন ভুল ছিল বলেই ১৩০ করেছি। যে ভুল আমরা করেছি, যে সফট আউটগুলো ছিল, এগুলোর যদি পুনরাবৃত্তি না করি, আশা করি সামনের ম্যাচগুলোয় ভালো হবে। এখানে যদি ভালো কিছু করতে হয়, তাহলে কমপক্ষে আমাদের ২৭০-২৮০ রান করতে হবে।
সিরিজ শুরুর আগে তামিম বলেছিলেন, দলের প্রস্তুতি এবার দারুণ হয়েছে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পরও তার মনে হচ্ছে, প্রস্তুতিতে ঘাটতি নেই।
সবশেষ সংবাদ সম্মেলনে বলেছিলাম যে, প্রস্তুতি নিয়ে কোনো দোষ দিব না। কোনো অজুহাতও দেব না। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ১৪ দিনের কোয়ারেন্টাইনে ৭ দিন আমরা ছোট ছোট গ্রæপ করে অনুশীলন করতে পেরেছি। পরে কুইন্সটাউনে গিয়েও অনুশীলন করতে পেরেছি। সুতরাং আমার কাছে মনে হয় না, প্রস্তুতিতে আমাদের কোনো ঘাটতি ছিল।
নিউজিল্যান্ডে গত ৪ বছরে আমরা প্রায় ২-৩ বার এসেছি। আমরা জানি, কী হতে পারে এখানে, কোন ধরনের বল হবে। এটা তাই কোনো অজুহাত হতে পারে না যে আমাদের প্রস্তুতি ঠিক ছিল না। দল হারলে সেখান থেকে ইতিবাচক কিছু খুঁজে নেওয়ার রীতি বাংলাদেশের ক্রিকেটে চলে আসছে অনেক দিন থেকেই। এবার অন্তত একটু ব্যতিক্রম পাওয়া গেল। নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হারার পর অধিনায়ক তামিম ইকবাল বললেন, এই ম্যাচ থেকে সামনে বয়ে নেওয়ার মতো তেমন কিছু নেই।
ম্যাচ শেষে ইতিবাচক কিছু না পেয়েও অবশ্য মেহেদি হাসানের বোলিংয়ের কথা একটু বললেন তামিম। সত্যি কথা বলতে এই ম্যাচ থেকে ইতিবাচক কোনো কিছুই নাই নেওয়ার। যদি আমার কিছু বলতেই হয়, তাহলে মেহেদি যে ৫-৬ ওভারের স্পেল করেছে, ভালো বল করেছে। এছাড়া আমি কোনো কিছু দেখি না যে এখান থেকে নেওয়ার আছে।
অভিষেক ওয়ানডেতে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি ৬ ওভার বোলিং করে রান দেন ১৭। উইকেট অবশ্য পাননি। ব্যাটিংয়ে আট নম্বরে নেমে প্রথম রানের দেখা পান দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা মেরে। তবে ইনিংস বড় করতে পারেননি, আউট হন ২০ বলে ১৪ করে।
সিরিজে বাংলাদেশের টিকে থাকার লড়াই আগামী মঙ্গলবার। এর মধ্যে ডুনেডিন থেকে ক্রাইস্টচার্চ ভ্রমণও করতে হবে দলকে। নিজেদের গুছিয়ে নেওয়ার সময় তাই খুব কম।
এমন পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে হলে বড় দায়িত্বটা ব্যাটসম্যানদের নিতে হবে বলে মনে করেন তামিম। এই অবস্থা কাটিয়ে উঠতে হলে আমাদের অন্তত ২৬০-২৭০ রান করতে হবে, বোলারদের ডিফেন্ড করার জন্য কিছু দিতে হবে। যদি আমরা এভাবে করে ১৩০ কিংবা ২০০ রানের মধ্যে অল আউট হয়ে যাই, তাহলে সত্যি কথা বোলারদের জন্য কিছুই থাকবে না।
প্রথম পাঁচ ব্যাটসম্যান থেকে আমাদের একজনের বড় রান করা খুবই গুরুত্বপূর্ণ। যদি একজন ইনিংস টেনে নিতে পারে, তাহলে বড় রান করা সম্ভব। ২৬০-২৭০-২৮০ সম্ভব। প্রথম পাঁচ ব্যাটসম্যান থেকে রান না করলে এটা সব সময়ই কঠিন। বিশেষ করে এই কন্ডিশনে, যেহেতু এখানকার কন্ডিশন আমাদের দেশ থেকে আলাদা।