টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরদিনই আজ রবিবার ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল সফরকারী ইংল্যান্ড। চোটের জন্য ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন পেস তারকা জোফরা আর্চার। তার আইপিএলে খেলা নিয়েও শঙ্কা আছে। ২৩, ২৬ ও ২৮ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে পুনেতে।
রঙ্গিন পোশাকে ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগ্যান শনিবারই ইঙ্গিত দিয়েছিলেন, আর্চারকে হয়ত ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না। রবিবার দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘ডান কনুইয়ের চোটের চিকিৎসার জন্য জোফরা আর্চার দেশে ফিরে যাচ্ছে।’ তিন ক্রিকেটার জেক বল, ক্রিস জর্ডান এবং ডেভিড মালানকে অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে। তারা সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলে ছিলেন।
ইংল্যান্ড ওয়ানডে দল: ইয়োইন মরগ্যান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিসি টপলি, মার্ক উড।
লাইটনিউজ