শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছেলে-প্রশাসনের চাপে কিশোরীকে তালাক দিতে বাধ্য হন চেয়ারম্যান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

সালিশে গিয়ে পছন্দ হওয়ায় বিয়ে করা অন্যের কিশোরী স্ত্রীকে তালাক দিয়েছেন ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার। ছেলে, আত্মীয়স্বজন ও প্রশাসনের চাপে কিশোরী নাজমিন আক্তার ওরফে নছিমনকে (১৪) তালাক দিতে বাধ্য হন চেয়ারম্যান।

শনিবার রাতে চেয়ারম্যানের আয়লা বাজারের বাসায় বসে তিনি তালাকনামায় স্বাক্ষর করেন। এরপর চেয়ারম্যান শাহিন হাওলাদার নিজে নছিমনকে তার অভিভাবকদের হাতে তুলে দেন। নছিমন নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার রাত ১১টা ২০ মিনিটে নছিমন তার তালাকের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় নছিমন অনেক অজানা তথ্য দিয়েছেন। কথা বলার সময় অপরপ্রান্তে নছিমনকে খুব উৎফুল্ল মনে হয়েছে।

নছিমন জানান, তিনি যখন পঞ্চম শ্রেণিতে পড়তেন তখন তার নানা ইউনুস কাজীর বাড়ির সামনে মসজিদে ইমামতি করতেন রমজান। এই রমজানের কাছে তিনি কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফ পড়তে গিয়ে একপর্যায়ে রমজানের সঙ্গে তার প্রেম হয়। তিন বছর ধরে চলে এই প্রেম। এ ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরে কয়েক মাস রমজানের সঙ্গে তার যোগাযোগ বন্ধ ছিল।

তিনি জানান, পরে একটি মাধ্যমে রমজানের মোবাইল নম্বর সংগ্রহ করে তার সঙ্গে পুনরায় যোগাযোগ হয়। ২৫ জুন সালিশ বৈঠকের জন্য তিনিসহ তার ও রমজানের পরিবারের অভিভাবকরা চেয়ারম্যান শাহিন হাওলাদারের বাড়িতে আসেন। তখনো তিনি বুঝতে পারেননি একটি অঘটন ঘটতে যাচ্ছে।

নছিমন আরও জানান, ১৮ মে তার বাবা-মায়ের ইচ্ছা অনুযায়ী তার দাদির ফুফাতো বোনের ছেলে তাঁতেরকাঠি গ্রামের সোহেল আকনের কাছে বিয়ে দেন। বিয়ের পর নুরাইনপুর বন্দরে বসে তাদের এক ঘণ্টার জন্য দেখা হয়েছিল। কোরবানির ঈদে তাকে স্বামীর বাড়ি তুলে দেওয়ার কথা ছিল। তিনি বিয়েতে রাজি ছিলেন না বলেই রমজানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন। এরপর দুইজনের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যৎ স্বপ্ন বুনতে তারা ঘর ছাড়েন। চুনারপুল নামক এলাকা থেকে বাইকযোগে রমজান আর তিনি চলে যান কনকদিয়া ইউনিয়নের কুম্বখারী রমজানের মামা শাহআলমের বাড়িতে। ওই বাড়িতে তারা দুই দিন ছিলেন। পরে তার বাবা নজরুল ইসলাম বিষয়টি কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে অবহিত করেন। তিনি শুক্রবার সালিশ বৈঠকে বিষয়টি ফয়সালা করে দেবেন বলে জানান।

সেই অনুযায়ী উভয় পরিবারের লোকজন সকালে চেয়ারম্যান শাহিন হাওলাদের বাড়িতে যান। এ সময় চেয়ারম্যান তাকে অন্য একটি রুমে ডেকে নিয়ে বলেন, ‘ওই ছেলের তো (রমজানের) টাকা-পয়সা নেই। তুমি তার ঘরে গিয়ে সুখী হতে পারবা না। বরং আমাকে বিয়ে করলে সুখী হবে।’

নছিমন তার কথায় রাজি হননি। তিনি মনে করেছিলেন বুড়ো দাদু (চেয়ারম্যান) তার সঙ্গে দুষ্টুমি করছেন। পরে তিনি রুম থেকে বের হয়ে সবার উদ্দেশে বলেন, রমজানকে বিয়ে করতে হলে তো আগের স্বামীকে (সোহেল আকন) তালাক দিতে হবে। এরপর কাজী ডেকে এনে তাই করা হলো।

এরপর ঘটলো যত অঘটন। চেয়ারম্যান শাহিন হাওলাদার নিজে তাকে বিয়ে করবেন বলে জানান। তার যেই কথা সেই কাজ। তাকে একরকম প্রতারণা করেই বিয়ে করেন। ৫ লাখ টাকা কাবিন করেন। বিয়ের রাতে চেয়ারম্যান তার শোবার রুমে ঢুকতে চাইলে তিনি তাকে ঢুকতে দেননি। ভেতর থেকে দরজা আটকে দেন। এর বাইরে যা যা তার সঙ্গে হয়েছে তা ছিল সব তার ইচ্ছার বিরুদ্ধে।

শনিবার রাতে শাহিন হাওলাদারের ছেলে তুষার এবং অন্যান্য আত্মীয়স্বজন ও প্রশাসনের চাপে শাহিন হাওলাদার তাকে তার জিম্মিদশা থেকে মুক্তি দিতে রাজি হন। রাতেই ওই কাজীকে ডাকা হয়। এরপর তার কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয়। পরে চেয়ারম্যান শাহিন হাওলাদার নিজেই তাকে অভিভাবকদের হাতে তুলে দেন।

ওই সময় তার নানা ইউনুস কাজী, বাবা ও সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম তাকে বাবার বাড়ির মাঝপথ পর্যন্ত এগিয়ে দেন। সেখান থেকে তিনি রমজানের সেই মামা শাহআলমের বাড়িতে চলে যান। রমজানের মামাতো ভাই পলাশ তাকে তাদের বাড়িতে নিয়ে যান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD