প্রতিদিন খুলনায় করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট ও বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালে পর্যাপ্ত আসন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেক রোগীই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে করোনায় আক্রান্ত হয়ে অনেকটাই মৃত্যুর ঝুঁকিতে রয়েছে তারা। খুলনায় করোনা হাসপাতালের রোগীর চাপ সামাল দিতে আগামীকাল শনিবার (৩ জুলাই) সকাল থেকে ৪৫ বেড নিয়ে চালু হচ্ছে করোনা ইউনিট। তবে এই হাসাপাতালে শুধু চিকিৎসাই নেয়া যাবে। কোন রোগীর নমুনা পরীক্ষা করার ব্যবস্থা নেই আবু নাসের হাসপাতালে। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ১৩০ বেড থেকে বাড়িয়ে ১৫০ বেড করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে ২০০ বেড করা হবে বলে জানিয়েছেন হাসপাতার কর্তৃপক্ষ।
জানা যায়, গত ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের এক পত্রের মাধ্যমে ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালুর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক গত ৩০ জুন সকালে হাসপাতালের সভা কক্ষে বিভাগীয় প্রধানদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের উত্তর পাশের জরুরি বিভাগ সংলগ্ন প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের ২০টি এবং ফিজিক্যাল মেডিসিনি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৫টি বেড স্থাপন কার্যক্রম শুরু হয়। ওই ৩৫টি বেড ছাড়াও চতুর্থ তলার আইসিইউ বিভাগের ১০টি বেডও করোনার রোগীদের জন্য প্রস্তুত করা হয়। আইসিইউর ১০টিসহ মোট ৪৫টি বেডে রোগী ভর্তি করা হবে। নিচতলা থেকে রোগীদের চতুর্থ তলার আইসিইউতে নেওয়ার জন্যও ব্যবহার করা হবে পৃথক লিফট।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে করোনা রোগী ভর্তির মধ্য দিয়ে আবু নাসের হাসপাতালে করোনা ইউনিটের যাত্রা শুরু হবে। করোনা ইউনিটে ৩৫টি জেনারেল ও ১০টি আইসিইউ বেডে করোনা পজিটিভ রোগী ভর্তি করা হবে। পর্যাক্রমে ৩টি শিফটে রোগীদের সেবা দেওয়া হবে। প্রতি শিফটে দুজন করে চিকিৎসক ও ১০ জন নার্স তাদের দায়িত্ব পালন করবে।
খুলনা মেডিকেলের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩০ বেড, খুলনা জেনারেল হাসপাতালের ৭০ বেড, বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে ১২০ বেড ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ বেড মিলিয়ে ৩৬৫ বেডে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের ১৩০ বেডের করোনা ইউনিট বাড়িয়ে ১৫০ বেডে করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরও ২০ বেড বাড়ানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে ২০০ বেডের ব্যবস্থা করা হবে।