রাজধানীর উপকণ্ঠে সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জসিম (৩৫) ও মো. আলাউদ্দিন হোসেন হাওলাদার (৩৪)।
সোমবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
তিনি বলেন, রোববার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গাজীরচটের বাগবাড়ি এলাকায় র্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ২ লাখ ৮৩ হাজার টাকার জালনোট, ২টি সিল, ২টি স্ট্যাম্প প্যাড, ১টি মোটরসাইকেল, ৭টি মোবাইল ও নগদ ৯ হাজার ৪৮০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার নিকটবর্তী এলাকায় জাল নোট তৈরি করে বিভিন্ন মাধ্যমে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিল। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত ৬টি মামলা রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।