রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), মেয়ে মায়েশা (৯) ও আয়েশা (৫) এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫)।
শেখ হাসিনা বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, মতিনের শরীরের ৯২ শতাংশ, ইয়াসমিনের ৯৫ শতাংশ, আয়েশার ৪৬ শতাংশ, মায়েশার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী হাসেম বলেন, তখন সকাল হয়নি, আমরা ঘুমিয়ে আছি। হঠাৎ বিকট শব্দ হয়, সাথে আগুন দেখা যায়, পরে বাইরে এসে দেখি পাশের বাসার অটোরিকশা চার্জার থেকে এই বিস্ফোরণ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কামরাঙ্গীরচরে অটোরিকশার চার্জার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজন এসেছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই চিকিৎসাধীন আছে।