শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

মহিলা ইউপি সদস্যের অফিস থেকে লাশ উদ্ধার, তিনজন আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

চট্টগ্রামের কর্ণফুলীতে এক ইউপি সদস্যের অফিস থেকে নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার ইউপি সদস্যের অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগম (৫০), কোরবান আলী (২৮) ও মোহাম্মদ পারভেজ (২২) নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন বলে জানিয়েছেন পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বিকালে ইছানগর এলাকায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্যা আছিয়া বেগম থানায় এসে জানিয়েছে নুরুল আলম নামে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা পাবে। সে জন্য টাকাগুলো না দেওয়ায় তাকে অফিসে আটকে রাখা হয়। এর কয়েক ঘণ্টা পর অফিস খুলে দেখেন তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার (ওসি) তদন্ত ফেরদৌস হোসেন জানান, চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আছিয়া বেগমের অফিসে স্থানীয় নুরুল আলম (৪৫) কাছে ৫০ হাজার টাকা পাবে বলে আটকে রাখেন কোরবান আলী। আটককে রাখার কয়েক ঘণ্টা পর তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত নুরুল আলম একই এলাকার মৃত শরফ আলীর ছেলে। তাঁর শরীরে লুঙ্গি ও গেঞ্জি ছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগম, কোরবান আলী ও পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD