করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ১২৫ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন হয়েছে।
সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ১১ জুলাই দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২৩০ জনের। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১৫ জুলাই ২২৬ জনের। ১৭ জুলাই ২০৪ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৪ জুলাই ২১০, ১৩ জুলাই ২০৩, ১২ জুলাই ২২০। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।