সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোড এলাকায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুই শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সদস্যরা। মঙ্গলবার বিকেলে পৌনে ৫টার দিকে সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ র্যাব দপ্তরে সামনের পাকা সড়ক থেকে হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডুমুরিয়া আসাদুল ইসলামের মেয়ে মোছা. আইভি খাতুন ময়না (৩১) ও বোয়ালিয়া থানার শেকেরচক এলাকার মৃত হারুন অর রশিদের মেয়ে মোছা. সোমা খাতুন (৩০)।
বুধবার সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ রোডস্থ এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ দুজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ ২১৫২ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।