আন্তর্জাতিক ডেস্ক : বৃটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে টিকা নিশ্চিতে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজ বন্ধ রাখতে ধনী দেশগুলোকে আহ্বান জানিয়েছে।
ডব্লিউএইচও প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ভ্যাকসিনের বুস্টার বন্ধ রাখলে বিশ্বের সবদেশের মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশ জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে ।
ইতোমধ্যেই জার্মানি এবং ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ নিজেদের জনগণেরর মধ্যে টিকার ৩য় ডোজ প্রদানের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। এরমধ্যেই হুয়ের এমন সিদ্ধান্তে কিছুটা বিপাকে এসব দেশ।

ডব্লিউএইচওয়ের মতে, গোটা বিশ্বের স্বল্প আয়ের দেশগুলোতে টিকার সরবরাহ স্বল্পতা এবং সমন্বয়হীনতার অভাবে প্রতি ১০০ জনের জন্য টিকা বরাদ্দ মাত্র ১.৫ ডোজ।
এ প্রসঙ্গে টেড্রোস জানান,স্বল্পোন্নত দেশগুলোর এই পরিস্থিতির পরিবর্তন জরুরী হয়ে পড়েছে পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় এসব দেশে বেশিরভাগ টিকা সরবরাহ হওয়া উচিৎ বলে মনে করছি।
তিনি আরো বলেন, আমি জানি যে, সব দেশের সরকারই ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে নিজেদের জনগণকে বাঁচাতে কাজ করে যাচ্ছে। তবে, যে দেশগুলো ইতোমধ্যেই বৈশ্বিক সরবরাহের বেশিরভাগ অংশ বা তারও বেশি ভ্যাকসিন ব্যবহার করে ফেলেছে, তাদের কার্যক্রমকে আমরা সমর্থন দেবোনা।
উচ্চ এবং নিম্নআয়ের দেশগুলোর মধ্যে ভ্যাকসিন প্রদানে সমতা ফেরাতে হুয়ের এই জোরালো আহ্বান বলে জানিয়েছেন টেড্রোস।
সূত্র: বিবিসি, আল জাজিরা