রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
শুক্রবার (৬ আগস্ট) অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে কদমতলী থানার মাতুয়াইল থেকে ৪০ কেজি গাঁজাসহ সুমন ও ইমতিয়াজকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজাসহ কদমতলী বাসস্ট্যান্ডে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয় সুমন ও ইমতিয়াজকে। উদ্ধার করা হয় ৪০ কেজি গাঁজা।
জানা যায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে। এই মামলায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।