দেশে করোনার টিকা সংকট কালীন মুহূর্তে হঠাৎ করেই টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। সেই সংকট কালীন মুহূর্তে বাংলাদেশ সরকার চীন-যুক্তরাষ্ট্র থেকে টিকা এনে পরিস্থিতি সামাল দেয়।
প্রয়োজনের সময় টিকা না পেলেও এবার বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বাকী টিকা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
মঙ্গলবার (১৭ আগস্ট) ভারত সরকারের দেওয়া ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের করোনাভাইরাস পরিস্থিতি এখন উন্নতির দিকে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সেরাম থেকে যে টিকা দেওয়ার কথা, আশা করছি খুব শিগগিরই সেটি দেওয়া হবে।
এ সময় তিনি আরো বলেন, ভারতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দেশের বাইরে টিকা সরবরাহ বন্ধ করা হয়। আমাদের টিকা উৎপাদনের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতের কাছে বাংলাদেশ প্রধান অগ্রাধিকার।