সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সোহরাব আলী (৬৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহরাব আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার বসিন্দা।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে প্রায় ৫২ লাখ টাকা মূল্যমানের ৫২০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল ও মাদক বিক্রিত নগদ ১ হাজার ৮৬০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে- গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।