স্টাফ রিপোর্টার : জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলছেন, ডায়াবেটিস ও করোনা দুটোই মহামারী। দুই মহামারী যখন এক সঙ্গে আসে তখন এটি আরো ভয়াবহ আকার ধারণ করে। করোনা হলে ডায়াবেটিস যে হয় এটা প্রমাণিত নয়। তবে ডায়াবেটিস রোগীর করোনা হয়। ডায়াবেটিস রোগীর করোনা হওয়া আরো বেশি মারাত্বক।
আজ বৃহস্পতিবার রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ’বিএইচআরএফ ডায়াবেটিস এ্যাওয়ারনেস ফেলোশিপ-২০২১’ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রসঙ্গে আজাদ খান বলেন, যদি কেউ শিক্ষিত না হয় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন। তাই একবার ডায়াবেটিস হয়ে গেলে সেটা নিয়ন্ত্রণে রাখতে নিজেকেই সব কিছু শিখে নিতে হবে। আরো ভালো হয় এই অসুখটা হওয়ার আগে যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারের। এই অসুখ সম্পর্কে সবারই জানা উচিত, শেখা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত।
এ সময় নরডিস্কের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বিএইচআরএফ ডায়াবেটিস এ্যাওয়ারনেস ফেলোশিপ-২০২১ প্রাপ্ত গণমাধ্যমকর্মীদের হাতে সনদ ও এ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্টানে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ রাব্বিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।