রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

ইহকাল ও পরকাল এ দু’টি স্তর নিয়ে মানব জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন স্থায়ী অর্থাৎ অনন্তকালব্যাপী। এক্ষেত্রে স্মরণ রাখতে হবে, মানব জীবনের ইহলৌকিক পরিণত হচ্ছে- পরলোক গমন বা মৃত্যু। পরকাল অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে আমরা যে যা করে যাবো, একদিন আল্লাহর কাছে তার চুলচেরা হিসাব দিতে হবে। আমরা আমোদ-প্রমোদ, সুখ-শান্তি ও ভোগ বিলাসে বিভোর হয়ে এ দুনিয়ায় জীবন অতিবাহিত করছি। সে তুলনায় আসল যে জায়গায় আমাদের চিরকাল থাকতে হবে সেই আখেরাতের জীবন, তার কথা কে কতোটা ভাবছি? আনন্দ-উল্লাস ও ভোগ-বিলাসের মধ্য দিয়ে আমরা দুনিয়ার জীবন পার করছি। একজন সত্যিকারের নেক বান্দার কাজ হচ্ছে, মৃত্যুর কথা অর্থাৎ আখেরাতের কথা চিন্তা চেতনায় ও অন্তরে সর্বতো জাগ্রত রাখা। কেবল তাই নয় সত্যিকারের আল্লাহভীরু এ জগতের প্রতিটি কর্মক্ষেত্রে আখেরাতের পাথেয় সংগ্রহে আল্লাহর ধ্যানে অর্থাৎ নামাজ-কালাম, ইবাদত-বন্দেগিতে মশগুল থাকে। এসব সৎ ও নেক মানুষ প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান।

এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বীয় কামনা-বাসনা ও স্বীয় নফসকে সংযত করতে সমর্থ হয়েছে, সেই ব্যক্তিই প্রকৃত ইমানাদার। এ কথা সত্যি যারা অধিক সময় আখেরাতের চিন্তা করে তারা কখনও সমাজ জীবনে পাপ কাজে লিপ্ত হতে পারে না। আর যারা আখেরাত বা পরকালীন জীবনকে গুরুত্ব দেয় না, অহেতুক আমোদ-প্রমোদ, ভোগ-বিলাসে লিপ্ত থাকে, তাদের সম্পর্কে আল্লাহতায়ালা বলেছেন, যারা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে অধিক গুরুত্ব দেয় এবং দুনিয়াদারিকে সীমাতিরিক্ত ভালোবাসে এবং আল্লাহর পথ থেকে দূরে থাকে, সুযোগ খুঁজে ফেরে এরাই সেই দল যারা প্রতিনিয়ত পাপের পথে ঘুরপাক খাচ্ছে। এ প্রসঙ্গে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা অধিক ভোগ-বিলাস থেকে দূরে থাকো, আর বেশি বেশি করে আখেরাতের কথা স্মরণ করো। সুতরাং প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকির-আজকার, ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করা উচিত। আল্লাহপাক ও রাসুলে কারিম (সা.) আখেরাতে সম্পর্কে বারবার সতর্ক করে দেওয়া সত্বেও আমরা পার্থিব জগতের মোহ-মায়াজালে পড়ে ঘর-সংসার, অর্থসম্পদ, পরিবার-পরিজন ও আমোদ-প্রমোদ বিভোর থাকি। কেবল তাই নয়, আমরা দীর্ঘকাল দুনিয়ায় বেঁচে থাকার ইচ্ছাপোষণ করি এবং এর জন্য নানা ধরণের কসরত করি। আমাদের অন্তর-আত্মা সর্বশক্তিমান আল্লাহ পাকের ওপর সমর্পণ করি না।

অতএব ভোগ-বিলাস আমোদ-প্রমোদে সময়ক্ষেপণ নয়। সময় চলে যাচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আল্লাহপাক ও রাসুল (সা.)-এর সন্তষ্টি ও নৈকট্য লাভের আশায় এখন থেকেই আখেরাতের প্রস্তুতি গ্রহণ করি এবং আল্লাহর নির্দেশমতো কম হাসি এবং আল্লাহকে স্মরণ করে বেশি বেশি কাঁদি। বান্দার হৃদয় দিয়ে ক্রন্দন আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বিশেষ করে আমরা যেনো এই দোয়া করি, ‘রাব্বানা আতিনা ফিদদুনইয়া হাসনাতা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াকিনা আজাবান্নার।’ হে আল্লাহ! দুনিয়াতে আমদের কল্যাণ দান করো। তোমার ইবাদত-বন্দেগিতে সর্বদা নিয়োজিত থাকতে পারি তার মন-মানসিকতা দান করো এবং আখেরাতের জীবনে সুখ-শান্তি দাও, আগুনের শান্তি থেকে রক্ষা করো।

মানুষ যদি আল্লাহ ও তার রাসুলের আদর্শের আলোকে পরিপূর্ণভাবে জীবন পরিচালনা করে, অন্তরে সদা আল্লাহর উপস্থিতি অনুভব করে, হৃদয় দিয়ে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত-বন্দেগি করে, তার আদেশ-নিষেধ মেনে চলে- তাহলে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে সমর্থ হবে এবং আখেরাতে এর পুরস্কারস্বরূপ বেহেশত হাসিল করবে- ইনশাআল্লাহ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD