শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাটে।
ঘাট এলাকায় দেখা দিয়েছে যানবহনের দীর্ঘ লাইন। পারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা। ভোগান্তি পোহাচ্ছে যাত্রী ও যানবাহন চালকরা। পারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন।
মঙ্গলবার দুপুরে পাটুরিয়াঘাট পয়েন্টে অতিরিক্ত যানবাহন চাপের তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি ও পুলিশ প্রশাসন।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহণ কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) দুটি ট্রাক ট্রার্মিনালে তিন শতাধিক ট্রাক, ওজন স্কেলের সামনে থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত আড়াই শতাধিক এবং ঢাকা-আরিচা মহাসড়কে উথুলী সংযোগ মোড়ে আরও দেড় শতাধিক সাধারণ পণ্য বোঝাই ট্রাক নৌপথ পারের অপেক্ষায় আছে ।
এ ছাড়া ছোট গাড়ি (প্রাইভেটকার) ৪ শতাধিক ও যাত্রীবাহী পরিবহণ ৩০টি পারের অপেক্ষায় আছে।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, পাটুরিয়াঘাট পয়েন্টে যানবাহনের চাপ থাকায় উথুলী সংযোগ মোড়ে দেড় শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে এলে পুনরায় ওই ট্রাকগুলোকে পাটুরিয়াঘাট অভিমুখে পাঠানো হবে।
পাটুরিয়াঘাট পয়েন্টে ট্রাফিকের দায়িত্বরত কর্মকর্তা (টিআই) শামিম হোসেন বলেন, দুর্গাপূজার জন্য ঘাট এলাকায় ছোট গাড়ির (প্রাইভেটকার) চাপ রয়েছে। সকাল থেকেই এখনও ৫ নম্বর পন্টুন থেকে আরসিয়ালের মোড় পর্যন্ত ছোট গাড়ির চাপ রয়েছে। এদিকে সাধারণ পণ্য বোঝাই ট্রাকেরও চাপ রয়েছে এবং যাত্রীবাহী পরিবহণের চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে পারে বলেও জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া বাংলাবাজার নৌপথ সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রয়েছে, আর এ কারণেই ওই রোডের যানবাহন এই ঘাট পয়েন্টে আসায় বেশ চাপ পড়েছে। এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৯ টি ফেরির মধ্যে ১৮ টি ফেরি দিয়ে মানুষ ও যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে এবং বাকি একটি রো রো ফেরি ভাসমান কারখানায় মেরামতের জন্য রাখা হয়েছে।