ইনজুরির কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে তামিম ইকবাল। খেলছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপেও। অবশেষে চোট কাটিয়ে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে আন্তজার্তিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন দেশসেরা এ ওপেনার।
টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শুরু করবে বাংলাদেশ। তবে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে খেলবেন না তামিম। টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন লড়বেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের মাঠে নিজের ফেরার লক্ষ্যটা ঠিক সেভাবেই সাজিয়েছেন এ তারকা ক্রিকেটার।
তার আগে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরবেন তামিম। সেখানে নিজেকে ঝালিয়ে নিয়ে তবেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করেই নভেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাবর আজমরা।