আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা যথারীতি ধীরগতির ছিল। কাগিসো রাবাদার করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে লিটন দাসের সৌজন্যে আসে প্রথম বাউন্ডারি। দুজনের জুটি মোটামুটি জমে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটির সমস্যা আর কাটল না। রাবাদার করা চতুর্থ ওভারের পঞ্চম বলের লাইনে না গিয়ে উড়িয়ে মারতে যান নাঈম। কিন্তু মিডউইকেটে ক্যাচ উঠে যায়। হেন্ডরিক্সের তালুবন্দি হয়ে নাঈম ফিরেন ১১ বলে ৯ রানে।
উইকেটে আসেন ফর্মহীনতায় ভোগা সৌম্য সরকার। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবাদা। ফিল্ড আম্পায়ার প্রথমে আউট দেননি। প্রোটিয়ারা রিভিউ নেয়। রিভিউতে দেখা যায়, সৌম্যকে ফিরতে হবে। গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য। রাবাদার সামনে পরবর্তী ওভারে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয়। ২২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে পরিবর্তন অবধারিত ছিল। কারণ সাকিব আল হাসান চোটের কারণে ছিটকে গেছেন। তার জায়গায় প্রথমবারের মতো বিশ্বকাপ একাদশে সুযোগ পেয়েছেন ‘হার্ডহিটার’ খ্যাত শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া বাজে পারফর্মেন্সে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার জায়গা দখল করেছেন স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই নামছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটকিপার), শামীম হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নর্টিয়ে, তাবারেজ শামসি।