‘মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে’ কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার এই লাইনটি বাংলাদেশ ক্রিকেটের সাথে যেনো মেলানোর চেষ্টা ছিলো বহু ক্রিকেট সমর্থকদের। কিন্তু মেঘের আড়ালে সূর্যের হাসিটা আর দেখা হলো না বাংলাদেশের এবারের বিশ্বকাপ যাত্রায়। ফলসরূপ বিশ্বকাপ থেকে সবার আগে বিদায়।
শেষ চারে যাওয়ার আশা হারিয়েছিলো অনেক আগেই। তবু নানা সমীকরণ মেলানোর সব চেষ্টা অবশেষে ব্যর্থ। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও হারল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে এবারের হারটা ছিল যেন বেশি নাজুক!
মঙ্গলবার আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল দেখা গেলো শুধু। এই ৮৪ রান নিয়ে বোলাররাই বা আর কি করতে পারে। বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গেল প্রোটিয়ারা। ৪ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৯। আর বাংলাদেশ শূন্য।
সুপার টুয়েলভ থেকে বিদায় নিশ্চিত হয়েছে প্রথম দল হিসেবে। অথচ নামিবিয়ার মতো দলও এখনো টিকে আছে লড়াইয়ে। ৪ নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টাইগাররা লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কে জানে আবার কী অপেক্ষা করছে!
মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজে ফিল্ডিংয়ের কারণে ৫ উইকেটে হার, পরের ম্যাচে ইংল্যান্ড হেসে খেলে বাংলাদেশকে হারালো ৮ উইকেটে। তৃতীয় ম্যাচে প্রতিরোধ গড়ে তুলেও ক্যারিবিয়ানদের কাছে ৩ রানের হার। মানে সবকিছুই যেনো একটা দুঃস্বপ্নের মতোই। যা হয়তো ভুলতে চাইবে দলের প্রতিটা ক্রিকেটারই।