ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। প্রথমে বিভিন্ন জেলায় খণ্ড খণ্ডভাবে গণপরিবহন ধর্মঘটের ডাক দিলেও পরে সেই ডাকে একাত্মতা প্রকাশ করেছেন কেন্দ্রীয় পরিবহন মালিক সমিতি। গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এমন অবস্থায় গন্তব্যে পৌঁছাতে বিকল্প হিসেবে ট্রেনপথকে বেছে নিচ্ছেন অনেকে। ফলে যাত্রীচাপ বেড়েছে ট্রেনে।
শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। এমন অবস্থায় বিপাকে পড়েছেন ভর্তি পরীক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। জরুরি কাজে যারা ঢাকায় যাওয়ার কথা তারাও পড়েছেন বিপাকে। এ অবস্থায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন রেল স্টেশনে যাত্রীদের তীব্র চাপ বেড়েছে।
বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানিয়েছেন, বাস বন্ধ থাকায় টিকিটের জন্য রেল স্টেশনে ভিড় দেখা গেছে। দীর্ঘ অপেক্ষার করে অনেকেই টিকিট না পেয়ে বাড়ি ফিরে গেছেন।
ঢাকা থেকেও অনেক যাত্রীকে বাস না পেয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা দেখে। সময়ের সঙ্গে স্টেশনগুলোতে ভিড় বাড়ছে।
স্টেশন মাস্টাররা বলছেন, পরিবহন না পেয়ে অনেকে ট্রেন স্টেশনে এসে হাজির হচ্ছেন। অতিরিক্ত যাত্রী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।