শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শোকের গ্রাম গাড়ারণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের একটি গ্রাম গাড়ারণ। কৃষিকাজই এ গ্রামের বেশির ভাগ মানুষের প্রধান আয়ের উৎস।

কাজ শেষে গাড়ারণ গ্রামের বাসিন্দারা স্থানীয় চা দোকান, বিভিন্ন জনের বাড়ির উঠানে বসে গল্প গুজবে মেতে উঠেন। গল্প গুজব পরিণত হয় এক মিলন মেলা’য়। আড্ডার মানুষদের বয়স ৫০ এর উপরে।

সেই মিলন মেলার পরিচিত মুখ ছিল কফিল উদ্দিন, আমির উদ্দিন ও নায়েব আলী। তাদের কেউ যদি কখনও উপস্থিত না হতেন তখন খোঁজ খবর নিতেন তারা, জানতে চাইতেন উপস্থিত না হওয়ার কারণ। বিপদে এগিয়ে যেতেন একে অপরের। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় এ গ্রামের তিনজন নিহত হওয়ায় গ্রামটি এখন শোকের গ্রামে পরিণত হয়েছে।

প্রতিবেশী ও গ্রামের লোকজন নিহতদের মরদেহ এক নজর দেখার জন্য বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন। নিহতের স্বজনদের গগণবিদারী আর্তনাত, প্রতিবেশী ও গ্রামবাসীদের শোকে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

নিহত আমির উদ্দিনের বাড়ির পাশেই বিমর্ষ মনে দাঁড়িয়ে কাঁদছিলেন তার দীর্ঘ দিনের বন্ধু প্রতিবেশী আব্দুল মান্নান। তিনি বলেন, সেই ছোট বয়স থেকেই এক সাথে চলেছি। যেকোন প্রয়োজনে সবার আগে সে ছুটে যেতো, সুখ-দুঃখ ভাগাভাগি করতো। এক সাথে অনেক জায়গাতে গিয়েছি, আমার যদি আসতে দেরি হতো তাহলে দাঁড়িয়ে থাকতো। গত বুধবার পাশেই বরমী হাটে এক সাথেই গিয়েছিলাম, একসাথেই ফিরেছি। রাস্তায় অনেক কথা হয়েছে। সেগুলো আজ স্মৃতি হয়েই রইলো।

ওই গ্রামের বাসিন্দা রুহুল আমিন। তিনি জানান, গ্রামের সবার সাথেই অন্য রকম সম্পর্ক ছিল। বিপদে একে অপরের পাশে দাঁড়াতো। সুখ-দুঃখগুলো একে অপরের মাঝে ভাগাভাগি করতো। এমন মৃত্যুর জন্য কেউই প্রস্তুত ছিলাম না, হঠাৎই এমন মৃত্যুর সংবাদে আমরা শোকাহত।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এই গ্রামেরই দুই সহোদরসহ তিনজনের মৃত্যুতে এমন শোকের তৈরী হয়েছে।

দুপুর ১টার দিকে উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় সড়ক নির্মাণে ব্যবহৃত রোলারের সাথে বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা যাত্রী একই গ্রামের তিনজন মারা যান।

নিহতরা হলেন, গাড়ারণ গ্রামের সহর আলী বেপারির ছেলে আমির উদ্দিন (৫৫), তাঁর ছোট ভাই কফিল উদ্দিন (৪৫) ও প্রতিবেশী একই এলাকার আব্বাস আলীর ছেলে নায়েব আলী (৭৫)। এ ঘটনায় অপর যাত্রী হারেজ ও অটোচালক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আমির উদ্দিনের ভাগিনা আহমেদ রনি জানান, গাড়ারণ গ্রামের গাড়ারণ বেপারী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ওয়াদুদ মিয়ার বাড়ি ময়মনসিংহের পাগলা থানার মশাখালী গ্রামে। বছর খানেক যাবৎ তাদের বাড়ির পাশে ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন তিনি। গত বৃহস্পতিবার গ্রামের প্রায় ৩০জন মুসুল্লীকে তার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। পরে গ্রামের প্রায় ৩৬জন তার দাওয়াতে অংশগ্রহণ করতে সকালে পাঁচটি অটোরিকশা দিয়ে শ্রীপুর থেকে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালীর উদ্দেশ্যে রওনা হন। তাদের বহনকারী অটোরিকশাগুলো দুপুর ১টার দিকে পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় পৌঁছলে সড়ক নির্মাণে ব্যবহৃত রোলারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নায়েব আলী মারা যায় এবং কফিল উদ্দিন ও আমিন উদ্দিনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

ময়মনসিংহের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুজ্জামান জানান, রোলার চাপায় তিনজনের মৃত্যুর ঘটনায় রোলারটি আটক করা হয়েছে।

গত রাতে নিহত নায়েব আলীর জানাযা শেষ করে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিহত কফিল উদ্দিন ও আমির উদ্দিনের জানাযা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD