জামায়াত নেতাদের দায়মুক্ত করতে এবং তাদের জাতীয়ভাবে সম্মানিত করতেই খালেদা জিয়া তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
একইসঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল হিসেবে বিএনপিই ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের ‘ট্রফি’র মালিক।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিরোধী দলের উদ্দেশ্যে মীর শাহে আলম বলেন, ‘খালেদা জিয়া আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন, সেই কথা তো আপনারা একবারও বললেন না। আপনাদের যে শহীদ মিনারে নিয়ে যাওয়ার অভ্যাস, সেটিও খালেদা জিয়ার নেতৃত্বের অবদান। আপনাদের দায়মুক্ত করার জন্যই তিনি জাতীয় পতাকা দিয়ে সরকারের অংশ করেছিলেন এবং সম্মানিত করেছিলেন।’
স্পিকারকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি ওই চেয়ারে বসে আছেন মানে ১৯৭১ বসে আছে। আপনি বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে ১৯৭১ সালের প্রতিনিধি হিসেবে এই চেয়ারে বসানোর ক্রেডিট বিএনপির। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ঘোষণাই করেননি, সরাসরি যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন।’