সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :

বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন পূর্ণিমার মা সুফিয়া বেগম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

 

গেল কয়েক বছরের ধারাবাহিকতায় ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল এর উদ্যোগে এবারো আায়োজন করার কথা ছিল ‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠানের। আগামী ১০ই মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে রাজধানীর রাওয়া কনভেনসন সেন্টারে তা আয়োজন করার প্রায় সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে এই আয়োজন থেকে আপাতত বিরত থাকতে হচ্ছে, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

কিন্তু যার যার অঙ্গনে যে সকল ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত এবং সম্মানিত তাদের নাম ঘোষণার মধ্য দিয়েই আপাতত মা দিবসে ‘গরবিনী মা সম্মাননা’ প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। করোনাভাইরাসের প্রকোপ কমে গেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা জানানো হবে।

বাংলাদেশ চলচ্চিত্রে মেয়ের অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমার মা সুফিয়া বেগমকে ‘গরবিনী মা সম্মাননা’য় ভূষিত করা হচ্ছে। বিশ্ব করোনা পরিস্থিতির মধ্যে আপাতত নাম ঘোষণা করার মধ্য দিয়েই পূর্ণিমার মাকে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

ডা. আশীষ বলেন, ‘আমাদের এবারের আয়োজন নিয়ে অনেক বড় পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আমাদের আপাতত সে পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আমরা সম্মাননা জানাব।’

নিজের জন্য মায়ের এমন স্বীকৃতিপ্রাপ্তি প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘মায়ের জন্যই এ পৃথিবীর আলোর মুখ দেখা। মায়ের কারণেই আজকের এই অবস্থানে আসতে পারা। আমার জীবনের যা কিছু প্রাপ্তি, তার কোনোকিছুই সম্ভব হতো না যদি না আমার মা আমার মাথার ওপর ছায়া হয়ে না থাকতেন। আমাকে ঘিরে আমার মা যেসব স্বপ্ন দেখেছেন, আমি তা কষ্ট করে হলেও পূরণ করার চেষ্টা করেছি। শুধু তা-ই নয়, একজন সন্তান হিসেবে মায়ের জন্য যা যা করা প্রয়োজন, তা আমি পুরোপুরি করার চেষ্টা করে যাচ্ছি। আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ আমার মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর অবশ্যই ধন্যবাদ, আমার মাকে এমন সম্মাননার জন্য নির্বাচিত করায়।’

পূর্ণিমা সর্বশেষ ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি সিনেমার কাজ করছিলেন। দুটি সিনেমার একটিতে তাঁর বিপরীতে আরিফিন শুভ ও আরেকটিতে আছেন ফেরদৌস।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD