শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে: মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

দেশে যেকোনো ধরনের মব শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, মব আমরা তৈরি হতে দেব না। মবকে কঠোর হস্তে দমন করব। সবাই সাবধানে থাকবেন, কোথাও গায়ের জোরে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। আইন-কানুন মেনে চলবেন।

জ্বালানি সংকটের মধ্যে ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শৃঙ্খলা ছাড়া জাতি হিসেবে কেউ উপরে উঠতে পারে না। এখন বড় সংকট দেখা দিয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তেলে সরবরাহ কমে গেছে। এই অবস্থায় ঠাকুরগাঁওয়ে একটি পেট্রোল পাম্প ভেঙে দেয়া হয়েছে। অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদের বলুন। কিন্তু মব আমরা তৈরি হতে দেব না।

মির্জা ফখরুল বলেন, আমরা যে কথা বলি, সেটি আমরা কাজ করে দেখাই। কিছু সংখ্যক নেতা বের হয়েছেন, যারা বেহেস্তে যাওয়ার টিকিট দিচ্ছেন। বেহেস্ত তো দিতে পারব না এরকম, আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা বেহেস্তে যাব। আমাদের কাজ দিয়ে, ইবাদত করে ইনশাআল্লাহ বেহেস্তে যাওয়ার ব্যবস্থা করব। এ সময় দায়িত্বপ্রাপ্তদের সততার সঙ্গে খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানানো পাশাপাশি সুষ্ঠুভাবে যেন কাজ সম্পাদন হয় প্রশাসনকে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা ছাড়াও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকারিয়া মন্ডল, এলজিআরডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদীর ৫ দশমিক ৮০০ কিলোমিটার পুনঃখনন কাজে ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD