নোয়াখালীর জেলার সদর উপজেলার পশ্চিম চর উরিয়া এলাকা থেকে গলায় গামছা পেঁচানো মানিক (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। সোমবার দুপুর ওই এলাকার কলিম উদ্দিন বেপারি বাড়ির পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক কবিরপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ি থেকে কবিরপুর বাজারে নিজের অটোরিকশার গ্যারেজে যান মানিক। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে যাননি। রাতে পরিবারের লোকজন একাধিক বার তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পান। রাতে পরিচিত সকল স্থানে খোজাখুঁজি করে কোনো সন্ধান পাননি তারা। পরে সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন কলিম উদ্দিন বেপারি বাড়ির পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় গলায় গামছা পেঁচানো একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। নিহতের পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মানিক একটি গ্যারেজ ব্যবসা পরিচালনা করতেন। এর আগে তিনি অটোরিকশা চালক ছিলেন। তাঁর গলায় একটি গামছা পেঁচানো ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত বলা যাবে। ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।