বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানের পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার সকল মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় ও ঈদ উপহার নগদ টাকা ও চাল প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভার ৬০টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর, কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, আওয়ামী লীগ নেতা গাজী মো. কামাল, রিপোর্টার্স ইউনিটি সভাপতি খান মতিয়ার রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মো. আবু জাফর মোহাম্মদ সালেহ, মাওলানা ওমর ফারুক জেহাদীসহ পৌরসভার সকল মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনগণ।
সভা শেষে পৌর মেয়র মো. মতিয়ার রহমানের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মসজিদের ঈমামদেরকে নগদ ২ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল এবং মুয়াজ্জিমদের নগদ ১ হাজার টাকা ও ২০ কেজি চাল ঈদ উপহার হিসেবে প্রদান করেন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, ঈমামগণ হলেন প্রতিটি মসজিদের প্রধান। তাদের প্রতি আনুগত্য আমাদের সকল মুসলমানদের আছে ও থাকবে। তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হলো।