মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

আরও ১৫ দিনের জেল হেফাজতে পি কে হালদার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

অর্থ পাচারের দায়ে অভিযুক্ত পি কে হালদার ও তার ৫ সহযোগীকে আরও ১৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে ভারতের ব্যাংকশাল সিবিআই স্পেশাল আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) জেল হেফাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

আগামী ২০ জুলাই মামলার প্রাথমিক চার্জশিট পেশ করবে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী।

তিনি জানান, পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রভাবশালীদের নাম বেরিয়ে এসেছে। তাদের নাম চার্জশিটে যুক্ত হতে পারে। তবে ওই চার্জশিটের বাইরে থাকবে বাংলাদেশি প্রভাবশালীদের নাম।

তিনি আরও বলেন, অভিযুক্ত প্রাণেশ হালদারের আগাম জামিন প্রত্যাহার করে নিয়েছে আদালত। অন্যদিকে বাকিদের জামিন আবেদনও খারিজ হয়েছে।

উল্লেখ্য, পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে শিবশঙ্কর হালদার পরিচয়ে ভারতীয় নাগরিকত্ব নেন তিনি। এ ছাড়া ভারতে একাধিক অভিজাত বাড়িসহ বিপুল সম্পদ গড়ে তুলেছেন তিনি। অবশেষে শনিবার (১৪ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেন পি কে হালদার। দুদক তার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৩৪টি মামলা করেছে। এসব মামলায় এক ডজনেরও বেশি ব্যক্তি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ১১ জন দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD