করোনা পরিস্থিতিতে অভিভাবকদের আর্থিক দিক বিবেচনা করে অভিভাবকদের পক্ষ থেকে বার বার টিউশন ফি কমানোর প্রস্তাব দেয়া হলেও তাতে সাড়া দেয়নি অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুল। বরং টিউশন ফি আদায়ের জন্য দফায় দফায় নোটিশ দেয়া হচ্ছে তাদের।
শুধু তাই নয়, যথাসময়ে টিউশন ফি না দিলে ভর্তি বাতিলেরও হুমকি দিয়েছে কোনো কোনো স্কুল। এ পরিস্থিতিতে বিষয়টি সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।
করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিউশন ফি অর্ধেক করার দাবিতে আবারো রাস্তায় অভিভাবকরা। সোমবার রাজধানীর উত্তরায় স্কলাসটিকা,আগা খান, ইন্টারন্যাশনাল হোপ স্কুলসহ সাদা পতাকা সমাবেশ করে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম। অভিযোগ করেন, অন ক্যাস্পাস ক্লাস না হওয়ার কারণে স্কুলগুলোর পরিষেবা ব্যয় অনেক কমে গেলেও শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে টিউশন ফির পুরোটাই।
টিউশন ফি পরিশোধ না করলে অনলাইন ক্লাসের লিংক না দেয়া, আইডি ব্লকসহ নানাভাবে হয়রানি করার অভিযোগ অভিভাবকদের।
আন্দোলন আর লিখিত আবেদনের পরেও বেশিরভাগ স্কুলই বেতন না কমানোর বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে। অভিযুক্ত স্কুলগুলোর কর্তৃপক্ষের সাথে কথা বলতে বার বার চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননা কেউই।
এমনকি অনলাইন ক্লাস না নিয়েও কিছু স্কুল বেতন দিতে বাধ্য করার অভিযোগও উঠেছে।
লাইট নিউজ