ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক সূচির আগে দুঃসংবাদ ঘিরে ধরলো ইংল্যান্ড ফুটবল দলকে। ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড রাহিম স্টার্লিংকে পাচ্ছে না ইংলিশরা। এছাড়াও আরও তিন ফুটবলার নির্দিষ্ট সময়ের মাঝে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ফুটবল ফেডারেশন।
চোটের জন্য ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং উয়েফা নেশন্স লিগে বেলজিয়াম ও ডেনমার্কের বিপক্ষে খেলা হবে না স্টার্লিংয়ের। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকে ক্লাব ম্যানসিটিতে সার্ভিস দিয়ে আসছিলেন স্টার্লিং। প্রথম পাঁচ ম্যাচে মাঠে নেমে ইতিমধ্যে তিন গোল ও দুই অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
লিডসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই তারকা ফুটবলার। চোট অনেক বেশি গুরুতর না হলেও সামনের সপ্তাহে মাঠে নামা উচিত হবে না বলে স্টার্লিংকে বিশ্রাম দিয়েছে দল। এদিকে স্টার্লিংয়ের বদলে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলের দরজা খুললো চেলসির ডিফেন্ডার রিস জেমসের জন্য।
এদিকে পার্টি করার কারণে আইসোলেশনে থাকতে হবে ইংল্যান্ডের তিন ফুটবলার ট্যামি আব্রাহাম, বেন চিলওয়েল ও জেডন স্যানচোকে। আর তাই দলের ক্যাম্পে দেরিতে যোগ দেবেন তারা, এমনটাই জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওয়েম্বলিতে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলবে ইংল্যান্ড। এরপর নেশন্স লিগে রোববার (১১ অক্টোবর) বেলজিয়াম এবং এর তিন দিন পর ডেনমার্কের মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের দল।