বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের পরও শান্তিতে নেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ এনে সংস্থাটির প্রধানের বিরুদ্ধে সুইস আদালতে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। বিবিসি’র প্রতিবেদন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উয়েফা জানিয়েছে, ভবিষ্যৎ বিশ্বকাপের লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনার জেরে সম্ভাব্য আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে তারা ম্যানহাটনের একটি আদালতে নথিপত্র জমা দিয়েছে। এর মাধ্যমে তারা নিউইয়র্ক-ভিত্তিক বিনিয়োগ তহবিল ‘থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্ট’-এর (যার প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার) কাছে থাকা সম্ভাব্য প্রমাণাদি প্রকাশের অনুরোধ জানিয়েছে।
বিশ্বকাপসহ ফুটবল সংস্থাটির বাণিজ্যিক ইভেন্টগুলো পরিচালনার দায়িত্বে থাকা একটি সহযোগী প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা কেনার জন্য ফিফাকে ৪.২ বিলিয়ন ডলার প্রদানের লক্ষ্যে ‘অ্যাঙ্কর ইনভেস্টর’ বা প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ার কথা ছিল থ্রাইভ ও কুশনারের।
৫৬ পৃষ্ঠার একটি নথিতে উয়েফার আইনজীবীরা উল্লেখ করেছেন, উয়েফা এবং তাদের আইনি প্রতিনিধিরা ইনফান্তিনো এবং সম্ভবত ফিফার অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে সুইস দণ্ডবিধির ১৫৮ নম্বর ধারার আওতায় ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগে সুইস আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
ওই নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ৪.২ বিলিয়ন ডলারের এই অঙ্কটি সম্ভবত ‘ইনফান্তিনো নিজের স্বার্থে প্রচার করা একটি প্রতারণামূলক ও বাজার-বহির্ভূত মূল্য। উয়েফাসহ বিশ্ব ফুটবলের শীর্ষ নেতাদের তীব্র প্রতিবাদের মুখে ১ আগস্ট ইনফান্তিনো সেই বিক্রয় পরিকল্পনাটি বাতিল করেছিলেন। এরপর তিনি চরম বিরোধীতার মুখে রয়েছে। এদিকে চাপের মুখে ২০৩৪ সালে পুরুষ বিশ্বকাপ আয়োজক দেশ সৌদি আরব ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।