ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন আজ (২৭ অক্টোবর)। ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকট। এবারের নির্বাচনে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে শুরু হতে যাওয়া নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৭টি দল ও নির্বাচনী জোট। সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৭৩ লাখ। সারা দেশে ১২ হাজার ১৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট গ্রহণের জন্য প্রায় ১৮ হাজার ব্যালট বাক্সও প্রস্তুত রাখা হয়েছে।
শেষ মুহূর্তের জরিপে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকটের মধ্যপন্থি দল ইয়াশার, নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে। তিনটি জরিপের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫০টি আসন পেতে পারে। অন্যদিকে, বিরোধী জোটের আসনসংখ্যা হতে পারে ৫২ থেকে ৫৬টি। ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৪ থেকে ১৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরাইলের সংঘাত শুরুর পর থেকে নিজ দেশের জনগণের সমালোচনার মুখে রয়েছেন নেতানিয়াহু। এ ছাড়া দুর্নীতির অভিযোগে তার বিচার চলছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতও (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এসব বিষয় এবারের নির্বাচনে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছে।