ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আবারও প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কাজেমি এই প্রথম আমেরিকা সফর করছেন।
বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন সমস্ত মার্কিন সেনা ইরাক ছেড়ে দেশে ফিরবেন তিনি সেই দিনের অপেক্ষায় আছেন। ইরাকে মার্কিন ব্যবসায়ীরা তেলের বড় বড় চুক্তি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ আরও জানায় পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা খুব শিগগিরই ইরাক থেকে ফিরে আসবো। সেখানে আমাদের খুব কম সংখ্যক সেনা আছে যারা ইরাককে সাহায্য করছে এবং বিষয়টি ইরাকের প্রধানমন্ত্রী জানেন।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প বারবার কথা বললেও তিনি পরিষ্কার করে বলেননি কবে তিনি এসব সেনাকে দেশে ফিরিয়ে আনবেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই কথা জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ইরাক থেকে সেনা ফিরিয়ে আনার জন্য বাগদাদের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন।
তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেনারা ফিরে আসবে, আমাদের সেনা সংখ্যা একেবারে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে।
বর্তমানে ইরাকে আমেরিকার প্রায় পাঁচ হাজার সেনা রয়েছে এবং মার্কিন মিত্রদেশগুলোর সেনা রয়েছে ২ হাজার ৫০০।
লাইট নিউজ