পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ইরানে বাংলাদেশিরা জীবনের ঝুঁকিতে থাকলে অবশ্যই তাদের ফিরিয়ে আনা হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
ইরানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ইরানে আমাদের প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী আছেন।
এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তারা নিরাপদে আছেন। তারা সেখানে অনিরাপদ অবস্থায় নেই। তেহরান মিশনের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তবে তারা যদি কোনোভাবে জীবনের ঝুঁকিতে পড়েন, তাহলে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনবো।
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বারবার বলে আসছে-যুদ্ধ বন্ধ হোক, কূটনৈতিক উপায়ে সমাধান হোক। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মিশনগুলো কাজ করে যাচ্ছে। ঈদের আগেই তেহরান থেকে কিছু প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সব প্রবাসীর পক্ষে একসঙ্গে দেশে ফেরা সম্ভব নয়।
তবে যারা ফিরতে আগ্রহী, তারা যেন ফিরতে পারেন-সে লক্ষ্যে সরকার কাজ করছে।