মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি নিয়ে আলোচনা হয়।

অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেন। লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দেশটির পাশাপাশি পুরো অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, ইসরাইলের নেতারা জানিয়েছেন, তাদের সেনারা আপাতত দক্ষিণ লেবাননের অবস্থান ছেড়ে যাবে না এবং সেখানে মোতায়েন অব্যাহত রাখবে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ইসরাইলের নেই। তবে দেশটির প্রতিরোধযোদ্ধা হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা এক মিলিমিটারও সরবে না।

ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান লেবানন সফর করেছেন। তার এ সফরের দিনই কাটজ এ মন্তব্য করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD