নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ আমলেই নিচ্ছেন না কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার! ইসির নির্দেশের তিন দিন পার হতে চললেও এখনও এলাকা ছাড়েননি তিনি।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে গত বুধবার স্থানীয় এমপি বাহারকে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু শনিবারও তিনি কুমিল্লাতেই ছিলেন। তবে নৌকার মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার যে অভিযোগ উঠেছে এমপি বাহারের বিরুদ্ধে, তা ঠিক নয় বলে দাবি করেছেন তিনি।
নির্বাচন কমিশনের (ইসি) চিঠির পরও কেন সংসদ সদস্য বাহার এলাকা ছাড়ছেন না জানতে চাইলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, সংসদ সদস্য বাহার শুধু সিটি করপোরেশনের এমপি নন, তিনি সিটির বাইরেও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের এমপি।সেসব ইউনিয়নে মেম্বার-চেয়ারম্যানরা আছেন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের কমিটি আছে। উনি যদি পার্টি অফিসে কিছুটা সময় না দেন তাহলে উনার নির্বাচনী এলাকা থেকে যারা সহায়তার জন্য আসেন, তাদেরকে কীভাবে সহায়তা করবে।
তিনি জানান, ইসির নির্দেশনার ওপর হাইকোর্টে রিট করা হয়েছে। আমাদের আইনজীবী জানিয়েছেন, নির্বাচনী এলাকায় থাকায় কোনো বাধা নেই।
এ বিষয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ঘোড়া প্রতীকের প্রার্থী কায়সার বলেন, এমপি বাহার নির্বাচনকে নৌকার পক্ষে প্রভাবিত করতে কাজ করছেন। তিনি পেশাজীবীসহ বিভিন্ন পেশার মানুষকে ডেকে এনে নৌকার পক্ষে কাজ করতে বাধ্য করছেন। তিনি (বাহার) নির্বাচন কমিশনের নির্দেশনাকে পাত্তা না দিয়ে বাহাদুরি দেখাচ্ছেন।
আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক ওরফে সাক্কু বলেন, ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। যা সংসদ সদস্য বাহার প্রমাণ করে দিয়েছেন। তিনি এখানে থাকলে ভোট প্রভাবিত হবে, কারচুপিও হতে পারে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, যেহেতু বিষয়টি হাইকোর্টের সেহেতু এই বিষয়টি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে, মহামান্য হাইকোর্ট থেকে এমন কোনো কাগজপত্র আমরা পাইনি।