১২২ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে টানছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বী। কিন্তু বেশিদূর নিতে পারলেন না। দলীয় ১৯২ রানের মাথায় কেশব মহারাজের বলে কট অ্যান্ড বোল্ড হন ইয়াসির। ৮৭ বল খেলে ৭ চারে ৪৬ রান করে যান তিনি। মুশফিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে তোলেন ৭০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)
বাংলাদেশ: ১৯২/৬ (৬১ ওভার)
ইয়াসির-মুশফিকে বাংলাদেশের প্রতিরোধ
১২২ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বী। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় দিন শেষ করেন। আজ দ্বিতীয় দিনেও দারুণ ধৈর্য্যের পরীক্ষা দিয়ে ব্যাটিং করছেন। গড়েছেন প্রতিরোধ। এই জুটি ইতোমধ্যে ৬১ রান সংগ্রহ করেছে। মুশফিক ৩৮ ও ইয়াসির ৪১ রান নিয়ে ব্যাট করছেন।
বৃষ্টির পর ইয়াসিরের টানা তিন চারে দিন শুরু
বৃষ্টির কারণে ২০ মিনিট দেরিতে শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে হাতে ৫ উইকেট ও স্কোরবোর্ডে ১৩৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৩০) ও ইয়াসির (৮)। এই জুটিই এখন বাংলাদেশের ভরসা। লিজাড উইলিয়ামসকে দিনের প্রথম তিন বলেই টানা তিন চার মেরে দিন শুরু করেন ইয়াসির। বাংলাদেশ পার করে যায় দেড়শ রানের ঘর। প্রথম বল ব্যাটের কানায় লেগে গালি ও দ্বিতীয় স্লিপের মাঝ দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। দ্বিতীয় বলে পয়েন্ট দিয়ে চারের পর তৃতীয় বলে মারেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। বাংলাদেশের তৃতীয় দিন শুরু হয় টানা তিন চারে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শুরু হচ্ছে না তৃতীয় দিনের খেলা
বৃষ্টির জন্য পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গুঁড়িগুঁড়ি বৃষ্টির জন্য খেলা শুরু সম্ভব হচ্ছে না। ক্রিকেটাররা প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন। মাঠে ঢেকে রাখা হয়েছে কাভারে।
৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ
১২২ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকুর রহিম-ইয়াসির আলী প্রতিরোধ গড়েন। দিন শেষ বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯। মুশফিক ৩০ ও ইয়াসির ৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৩১৪ রানে। বাংলাদেশের শুরুটা হয়েছিল নড়বড়ে। প্রথম ওভারে শূন্য রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর খেলার হাল ধরেন তামিম ইকবাল-নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে পাওয়া যাচ্ছিল ঘুরে দাঁড়ানোর সুবাস। কিন্তু পরপর দুই ওভারে তামিম-শান্তকে ফিরিয়ে আঘাত হানেন মুল্ডার। তামিম ৪৭ ও শান্ত ৩৩ রান করেন। সেই ধাক্কা সামলেও ওঠার আগেই ফেরেন মুমিনুল-লিটন। বিপদে পড়ে বাংলাদেশ। এরপর খেলার হাল ধরেন মুশফিক-ইয়াসির। দুজনে বিপদ ছাড়াই দিন শেষ করে আসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন মুল্ডার।