টানা ৫ দিন ঈদের ছুটি শেষে সোনামসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি।
রোববার (২৫ জুলাই) সকালে দু-দেশের মধ্যে এ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
এর আগে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা ৫ দিন ঈদুল আযহার ছুটিতে বন্ধ ছিল বন্দর।
রোববার (২৫ জুলাই) সকাল থেকে এ পর্যন্ত ৩০ ট্রাক পণ্য আমদানি হয়েছে ভারত থেকে। প্রথম দিন বিকাল পর্যন্ত দেড়’শো-দু’শো ট্রাক প্রবেশ করবে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।
সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে আজ (রোববার) বেলা ১১টা থেকে আবারও দুই দেশের মধ্যে সব ধরনের পণ্যের আমদানি শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কয়েক দিন ছুটি থাকায় ভারতের মহদিপুরে অনেক পণ্যভর্তি ট্রাক আটকা পড়ে আছে।