অবশেষে আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী।’ এর নির্মাতা ১১ মে শনিবার নিজ ফেসবুকে ছবিটির একটি পোস্টার পোস্ট করে এই ঘোষণা দেন।
রাশিদ পলাশ পরিচালিত ও ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমেই এরআনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল।
পোস্টারটি প্রকাশ করে নির্মাতা রাশিদ বলেন, এটি ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার।
এটা দিয়ে সিনেমার প্রচারণা শুরু করলাম। সামনে আরো কিছু পোস্টার এবং সিনেমার টিজার প্রকাশিত হবে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
তিনি আরো বলেন, মূলত সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপড়েন দেখা যাবে সিনেমার গল্পে। এক ভিন্ন রকম গল্পের সিনেমা দর্শক উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।
‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ সাজিয়েছেন গোলাম রাব্বানী। সিনেমায় ববির বিপরীতে দেখা যাবে সুদীপ বিশ্বাস দ্বীপকে।
সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব। ববি-সুদীপ ছাড়াও ‘ময়ূরাক্ষী’তে আরো অভিনয় করেছেন— ফারজানা ছবি, সমু চৌধুরী, মুহিন খান, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, দীপক সুমন, রুদ্র হক, সাবিনা পুঁথি, ফারুক, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, কস্তূরী চৌধুরী, মিতুলসহ আরো অনেকে।