স্টাফ রিপোর্টার : করোনা মহামারির কারণে এবার ঈদুল আজহায় রেলে কোনো বাড়তি আয়োজন নেই। অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না। বাড়ানো হয়নি ট্রেনের সংখ্যা। এমনকি এ ঈদে কোনো বিশেষ ট্রেনও চলবে না।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের এক বার্তায় জানানো হয়েছে, ঈদে কোনো বিশেষ ট্রেন চলবে না। ঈদের দিন ও ঈদের পরের দিন (১ ও ২ আগস্ট) সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বর্তমানে যেসব ট্রেন চলাচল করছে তা অব্যাহত থাকবে। ঈদের আগে ও ঈদের পরে সব ট্রেনের অফ-ডে বলবৎ থাকবে। ৩১ জুলাই আন্তঃনগর কালনী এক্সপ্রেস, আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস, আন্তঃনগর বনলতা এক্সপ্রেস এবং আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ-ডে থাকা সত্ত্বেও চলাচল করবে। ওই দিন আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চলবে না।
অন্যান্য নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দর, নরসিংদী ও জয়দেবপুর স্টেশনে কোনো ট্রেন থামবে না৷ ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। সব টিকিট অনলাইন বিক্রি হবে। ট্রেন ছাড়ার ১ ঘণ্টা আগে যাত্রীকে স্টেশনে উপস্থিত থাকতে হবে। ট্রেনে খাবার বিক্রি হবে না। রেল কর্তৃপক্ষ কেবিনে যাত্রীদের বালিশ, চাদর ও কাঁথা সরবরাহ করবে না। ট্রেনের ভাড়া বাড়ানো হবে না। নির্দিষ্ট দরজা ব্যবহার করে ট্রেনে উঠতে ও নামতে হবে। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে ঢুকতে পারবে না।
লাইট নিউজ