মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সৌদির দুই অঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের দুটি অঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার (২৭ অক্টোবর) জোটটি এ তথ্য জানায়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। এ ছাড়া সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া চারটি ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জোট জানিয়েছে।

এদিকে, সম্ভাব্য শত্রুতামূলক হামলার আশঙ্কায় সৌদি আরবের সিভিল ডিফেন্স পূর্বাঞ্চল ও খারজ গভর্নরেটে আগাম সতর্কতা জারি করে। পরে সংস্থাটি জানায়, উভয় এলাকায় বিপদ কেটে গেছে।

সম্প্রতি সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে বাব আল-মানদেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে হামলা জোরদার করে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে।

বাব আল-মানদেব প্রণালি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচল করে। উপসাগরীয় দেশগুলোর জ্বালানি পরিবহনের ক্ষেত্রেও নৌপথটি গুরুত্বপূর্ণ।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যুদ্ধবিরতি হয়। এর ফলে রাজধানী সানার নিয়ন্ত্রণে থাকা হুতিদের সঙ্গে জোটের লড়াই অনেকটাই কমে এসেছিল। তবে সাম্প্রতিক সময়ে সংঘাত আবারও বেড়েছে।

ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD