বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সবচেয়ে বড় সমস্যায় এখন ফরচুন বরিশাল। ৫ ম্যাচে মাত্র এক জয় এবং চার হার নিয়ে পয়েন্টের তলানিতে অধিনায়ক তামিম ইকবালের দল। বাকি আছে তিন ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে এই তিন জিততে তো হবেই। সেই সঙ্গে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা অন্য দলগুলোও যেন হারে সেই প্রার্থনায় বসতে হচ্ছে বরিশালকে। অর্থাৎ ফরচুন বরিশালের ‘ফরচুন’ এখন আর পুরোপুরি তাদের হাতে নেই। টুর্নামেন্টের বাকি চার দলের ভালমন্দ করার ওপর নির্ভর করছে বরিশালের সামনে বাড়ার অথবা বিদায় নেয়ার ভাগ্য।
মিরপুরে রোববার, ৬ ডিসেম্বর অনুশীলনে অধিনায়ক তামিম ইকবালও মানলেন সত্যটা- ‘আমাদের সিচুয়েশন ভালো না কোনদিক দিয়ে। আমাদের জিততেও হবে, প্লাস অন্য খেলার রেজাল্টও আমাদের পক্ষে যেতে হবে। আমরা যদি পরের তিনটা ম্যাচই ভালো করতে পারি, তাহলে আমাদের অবশ্যই ভালো চান্স থাকবে কোয়ালিফাই করার। আসলে ক্রিকেট এমন একটা খেলা যেখানে যে কোন অবস্থা থেকে ফিরে আসা যায়। এই টুর্নামেন্টে হয়তো বা আমরা খুব ভালো ক্রিকেট খেলিনি কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা ঘুরে দাঁড়াতে পারি। আপাতত আশা করছি পরের তিন ম্যাচ আমাদের ভালো যাবে। আর প্রথম ৪-৫ ম্যাচের ভুলগুলো যথাসম্ভব কমিয়ে এনে ফলাফল আমাদের পক্ষে আনার।’
দল ভাল করছে না। কাছাকাছি গিয়ে ম্যাচ হারছে। ভাল অবস্থানে থাকার পর ক্ষনিকের ব্যবধানে ম্যাচে সেই সুবিধা হারিয়ে ছিটকে পড়ছে বরিশাল। ব্যাটে-বলে দলে তেমনভাবে একক কোন কৃতিত্বও দেখাতে পারছে না কেউ। অধিনায়ক হিসেবে তামিম ইকবালের জন্যও সময়টা কঠিন যাচ্ছে। সবকিছু মিলিয়ে এমন পরিস্থিতিতে দলকে উজ্জ্বীবিত করা যে কোন অধিনায়কের জন্য কঠিনতম কাজ। তামিমকে অধিনায়কের সেই কঠিন অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলছিলেন- ‘যখন দল খুব বেশি একটা ভালো খেলে না, তখন মোটিভেট করাটাও একটু ডিফিকাল্ট। আমাদের স্কোয়াড যদি দেখেন বেসিকলি অনেক তরুণ খেলোয়াড় আছে। তারা সবাই প্রতিভাবান। ভাল খেলোয়াড়। আমি সবসময় তাদের সাথে কথা বলি। আর মাঝেমাঝে এসব সময়ে সবচেয়ে ভালো আমার কাছে যেটা মনে হয় কথার চেয়ে যদি কাজে করে দেখানো যায়, তাহলে ইট’স বেটার। আমি কথা তো সারাদিন বলতে পারবো, বাট আমি নিজেও যদি একই ভুল বারবার করি,তাহলে ওই কথাগুলোর মূল্য থাকে না। আমিও চাই কথার চেয়ে আমার খেলোয়াড়রা যেন কাজে সেটা করে দেখাতে পারে।’
লাইট নিউজ