শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

করোনায় বাড়ছে মানুষের অসহায়ত্ব, কমছে সাহায্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশে চলছে লকডাউন। এতে প্রভাব পড়েছে নিম্নবিত্ত মানুষের স্বাভাবিক জীবন যাপনের ওপর। ঢাকায় অবস্থান নেওয়া বেশির ভাগ মানুষ হারিয়েছে তাদের নিয়মিত কর্ম। ফলে পেশাগত সাহায্যপ্রার্থী না হয়েও রাস্তায় দাঁড়াতে হচ্ছে সাহায্যের জন্যে। সবকিছু বন্ধ থাকায় পরনির্ভরশীল না হয়ে নিজেরা যে কিছু করবে, তারও উপায় নেই।

শনিবার (০১ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে শোনা যায় তাদের এমনি জীবন শঙ্কার কথা।

দুপুরে রাজধানীর শাহবাগে রিকশা নিয়ে বের হয়েছিলেন খলিল মিয়া। কিন্তু এই বন্ধের মধ্যেও রিকশার সংখ্যা বেশি, যাত্রীর সংখ্যা কম হওয়ায় জমার টাকা দূরে থাক খাওয়ার টাকাও উঠাতে পারেননি তিনি।

কথা হলে আক্ষেপের সুরে খলিল মিয়া বার্তা২৪.কম-কে বলেন, রাস্তায় বড়লোক মানুষেরা গাড়ির গ্লাস খুলে মাঝে মাঝে খাবারের প্যাকেট দিলেও সবাই লাইন না ধরে ছুটে আসে ফলে অনেকে পায় না। আবার সামনে ঈদ হওয়ায় সবাই ভাবে, খাবারের পাশাপাশি টাকা অথবা মূল্যবান কিছু পাওয়ার। কিন্তু রিকশাওয়ালাদের ধাক্কা ধাক্কিতে বিরক্ত হয়ে তারা গাড়ির গ্লাস লাগিয়ে দেন। গরিবের কপালে কিছুই জোটে না।

রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, ফুটপাতে, ট্রাফিক সিগন্যালে, শপিংমলের সামনে, মসজিদের গেটের সামনে, ছোট বড় রাস্তার মুখে এখন সাহায্যপ্রার্থীর সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে কয়েকগুণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটু সাহায্যের আশায় বসে বসে ক্ষণ গুণছে অসহায় এই মানুষগুলো। কথা বলে জানা গেছে, নিজেদের আয় রোজগার সব বন্ধ হয়ে যাওয়া এবং এই রমজানে পরিবারের মুখে একটু খাবার তুলে দিতে এ পথে নামতে বাধ্য হয়েছেন তারা।

এ প্রসঙ্গে মগবাজারের একটি বস্তির বাসিন্দা ছালমা খাতুনের সঙ্গে কথা হয় রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলার ভবনের সামনে। তিন ছেলে মেয়ে নিয়ে ঘুরছেন ফুটপাতে ত্রাণের আশায়।

দুঃখ করে সায়রা খাতুন বলেন, কোনোদিন ভাবি নাই বাবা এভাবে পথে পথে ঘুরতে হবে সাহায্যের জন্য। স্বামী একটা গাড়িতে হেলপারি করে, আমার একটি চায়ের দোকান ছিল ফুটপাতে। আমরা আল্লাহর রহমতে যা ইনকাম করি, তা দিয়ে আমাদের সংসার চলে যায়। কিন্তু এই বন্ধে সব শেষ। ছোট মেয়েটা অসুস্থ, ওষুধ আর বাজারে সব জিনিসের দামও বাড়ছে। কোনো জমানো টাকাও নাই। এমন দুঃসময়ে দোকানডাও বন্ধ আবার স্বামীর ইনকামও নাই। শেষে বাধ্য হয়ে পথে নামছি সাহায্যের আশায়। কিন্তু তেমন কিছুই পাচ্ছি না, মাঝে মাঝে রান্না করা খাবারের প্যাকেট পেলেও নগদ অর্থ পাওয়া মেলা ভার।

বসুন্ধরার সামনের মোড়ে সাহায্য প্রার্থনার জন্য দাঁড়ানো কিছু অসহায় মহিলা বার্তা২৪.কম-কে বলেন, গত রমজানে লকডাউনে রাস্তায় অনেক ইফতার ও সেহরির খাবারসহ টাকা পয়সা দিত, এবার তেমন কেউ দিচ্ছে না, দিলেও ছবি তোলার জন্য যাদের পোশাক নষ্ট তাদেরকে দিয়ে চলে যায়, একটু ভালো পোশাক দেখলে আর দিতে চায় না। গাড়ির গ্লাস লাগিয়ে চলে যায়। আবার বেশি মানুষ থাকায় হুড়াহুড়ির কারণে অনেকে পাচ্ছে না।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। অসহায় ও ছিন্নমূল শিশুদের জন্য ঈদের পোশাক বিতরণ করার প্রস্তুতি নিচ্ছে একটি সংগঠন। লাইন ধরে দাঁড়িয়ে আছে কয়েকশ অসহায় ও ছিন্নমূল শিশু। তাদের পাশে এসে ভিড় করছে আরও কিছু অসহায় সুবিধাবঞ্চিত নারী-পুরুষ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেওয়া শেষ হলে শুরু হয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ। কিন্তু ঘটে উল্টো ঘটনা। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সভাস্থলে।

এ সময় দেখা যায়, ঈদ উপহার বিতরণের জন্য যে সকল সুবিধাবঞ্চিত শিশুদের বসিয়ে রাখা হয়েছিল, তারা উপহার সামগ্রী পায়নি। উপহার সামগ্রী বিতরণ শুরু হলে আশপাশে থাকা রিকশাচালক, ছিন্নমূল ও পথচারীরা এসে বিশৃঙ্খলা তৈরি করে। এ সময় উপহার সামগ্রীর সুষ্ঠু বন্টনে ব্যর্থ হয় সংগঠনটি।

এ বিষয়ে তারা জানান, করোনা পরিস্থিতির কারণে একটু খোলা জায়গায় আমরা প্রোগ্রামটা করেছি। কিন্তু ত্রাণ নিতে আসা কিছু পুরুষ-মহিলা এই ঘটনা ঘটিয়েছে। আমার তাদের বলেছি যে, যত ত্রাণ-উপহার আছে তা সবার মাঝে দেওয়া যাবে। কিন্তু তারা সেটি না শুনে ঝাঁপিয়ে পড়েছে। শেষে আমরা ওই স্থান থেকে চলে এসেছি।

এরকম ঘটনা রাজধানীতে এখন প্রায় অনেক জায়গায় ঘটতে দেখা যাচ্ছে। মানুষ স্বাভাবিক কর্ম হারিয়ে অর্থ সংকটে পড়ার ফলে বাধ্য হয়েই এরকম কাড়াকাড়ি করছে।

শুধু এই মানুষগুলোই নয়, বর্তমানে দেশে কার্যত লকাডাউন পরিস্থিতিতে অর্থ সংকটে পড়েছেন প্রায় সব জনগণই। তবে এই অসহায় মানুষগুলোর একটু বেশিই প্রকাশ পাচ্ছে। তাই তো একদিকে যেমন করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মানতে হচ্ছে স্যোশাল ডিসটেন্স, ঠিক তেমনি জীবন বাঁচাতেই লকডাউন বাড়ানোয় বৃদ্ধি পাচ্ছে এই অসহায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অসহায়ত্ব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD