ভারতে চলছে করোনাভাইরাসের ভয়াল আগ্রাসন। প্রতি দিনি হাজার হাজার মানুষ মারা যাচ্ছে করোনায়। মৃতের মিছিলে যোগ দিয়েছেন ক্রিকেটারদের স্বজনরাও। গত মাসে করোনায় মাকে হারিয়েছিলেন ভারতের নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি। দুই সপ্তাহ না যেতেই করোনা কেড়ে নিল বেদার বোনকে!
আজা বৃহস্পতিবার সকালে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। গত এপ্রিল মাসে বেদার বোন বত্সলা শিবকুমার করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু করোনার সঙ্গে লড়াই করে জিততে পারেননি। আজ সকালে বেদার সাবেক কোচ ইরফান ইনস্টাগ্রাম স্টোরিতে তার বোনের মৃত্যুর দুঃসংবাদটি প্রকাশ করেন।
বেদার মা চেলুভাম্বা দেবী এপ্রিল মাসের ২০ তারিখ করোনা আক্রান্ত হয়েছিলেন। ২৪ এপ্রিল তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যু সংবাদ বেদা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি করোনা আক্রান্ত বোনের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছিলেন। তবে শেষ পর্যন্ত সব প্রার্থনা ব্যর্থ করে দিয়ে করোনা কেড়ে নিল বেদার বোনকে।