ডেস্ক রিপোর্ট : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে ভারত। দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই।
চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। দেশটির চিকিৎসা ব্যবস্থা যখন নাজুক তখন ধর্মের প্রতি আস্থা রেখে ভারতের একটি রাজ্যে চলছে করোনা দেবীর পূজা-অর্চনা।
ভারতীয় গণমাধ্যম জি-নিউজ বলছে, দেশটির তামিলনাডু রাজ্যের একটি গ্রামে ‘করোনা দেবী’র পূজা-অর্চনা চলছে। সেখানে একটি নতুন মন্দির তৈরির পর করোনা দেবীর মূর্তি স্থাপন করে চলছে পূজা।
মন্দিরের এক পুরোহিত জানান, প্রাণঘাতি কোভিড-১৯ কে একমাত্র করোনা দেবীই কাবু করতে পারেন।
করোনা দেবীর সন্তুষ্টির জন্য মন্দিরটি নির্মিত হয়েছে কোয়েম্বাতুর থেকে অদূরে কামাতচিপুরম গ্রামে। একটানা ৪৮ ঘণ্টা পূজা শেষে বিশেষ আরাধনা অনুষ্ঠিত হবে। মন্দির কর্তৃপক্ষ বলছে, করোনা থেকে বাঁচতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ পূজা দিতে আসছেন। গ্রামবাসীর বিশ্বাস পূজায় দেবী সন্তুষ্ট হলে মহামারী থেকে মুক্তি পাবে ভারত।
মন্দিরে স্থাপন করা করোনা দেবীর মূর্তিটি গ্র্যানাইট পাথর দিয়ে তৈরি। দেড় ফুটের করোনা প্রতিমার ঘনকালো কেশ আর পরনে লালটুকটুকে শাড়ি। একহাতে ধরা ত্রিশূল, অন্য হাত খালি।
দেশটিতে এই প্রথম করোনা দেবীর আরাধনা নয়। করোনা দেবীকে নিয়ে এটি ভারতের দ্বিতীয় মন্দির। গেল বছর কেরালার কোল্লমা জেলায় এক পুরোহিত করোনা তাড়াতে এমনই এক দেবীর মন্দির স্থাপন করেছিলেন।