মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

কাতারে ইতিকাফের জন্য প্রস্তুত ২০২ মসজিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

পবিত্র রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য ২০২টি মসজিদ নির্ধারণ করেছে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। ইতেকাফে অংশ নিতে আগ্রহীদের জন্য কিছু শর্ত ও নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ।

কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য দেশজুড়ে ২০২টি মসজিদ নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, যারা ইতিকাফ পালন করতে চান তাদের আগে ইসলামী শরিয়ত ও মহানবী (সা.)-এর সুন্নত অনুযায়ী ইতিকাফের বিধান সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নির্ধারিত মসজিদেই ইতিকাফ পালনের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মসজিদগুলো নির্বাচন করা হয়েছে ভৌগোলিক অবস্থান, জুমার মসজিদ হিসেবে ব্যবহারের উপযোগিতা এবং ইতিকাফকারীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার সক্ষমতা বিবেচনায়।

নির্দেশনা অনুযায়ী, ইতেকাফে অংশগ্রহণকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে আট বছর বা তার বেশি বয়সী কেউ চাইলে অভিভাবকের সঙ্গে অংশ নিতে পারবে।

মন্ত্রণালয় আরও বলেছে, ইতিকাফের সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মসজিদের সম্পদ সংরক্ষণ এবং অন্য মুসল্লিদের ইবাদতে কোনো ধরনের বিঘ্ন না ঘটানোর বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদের বিরক্তির কারণ হতে পারে এমন অপ্রয়োজনীয় কথাবার্তা বা এমন কোনো আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া মসজিদের সৌন্দর্য ও পবিত্রতা বজায় রাখতে মসজিদের দেয়াল, স্তম্ভ বা আসবাবপত্রে কাপড় ঝুলিয়ে রাখা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মসজিদ প্রশাসন যে স্থান নির্ধারণ করে দেবে কেবল সেখানেই ঘুমানো বা খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদে নারীদের ইতেকাফ করার অনুমতি নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD