গতকাল বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়। লেখকের মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শুক্রবার দুপুরে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, দমননীতি ও নিবর্তনমূলক আইনে কারান্তরীণ লেখকের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। এটি একটি বর্বর হত্যাকাণ্ড। ক্ষমতাসীন সরকার লেখক মুশতাক আহমেদের হত্যার জন্য দায়ী। তিনি মতপ্রকাশের অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।
মানুষের মতপ্রকাশের অধিকার হরণ এবং প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী আইন প্রয়োগ অবিলম্বে বন্ধ করার দাবি করা হয় বিবৃতিতে।
লাইটনিউজ