রাত পোহালেই শুরু হবে কালিয়াকৈর পৌরসভার সাধারন নির্বাচান। কিন্ত তিন দিন পেরিয়ে গেলেও কালিয়াকৈর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নিখোঁজ সেই কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের। নিখোঁজ কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান কালিয়াকৈর পৌরসভার সফিপুর পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, কাল কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ৯নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেদী হাসান। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ তিনি নিখোঁজ হন এবং তার মোবাইল ফোনও বন্ধ। এ ঘটানায় নিখোঁজ কাউন্সিলর প্রার্থীর বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় জিডি করলেও শনিবার পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে কে বা কারা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে আসছে।
নিখোঁজের মা নিহার বেগম বলেন, আমার দুই ছেলে-মেয়ের মধ্যে মেহেদী বড়। হঠাৎ করেই আমার ছেলে নিখোঁজ হয়। এ নির্বাচনকে ঘিরে কে বা কারা তাকে হুমকি দিয়েছে। ওই হুমকিদাতাদের নাম বলেনি আমার ছেলে মেহেদী। সুস্থভাবে আমার ছেলেকে ফিরে পেতে চাই।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, ওই ওয়ার্ডে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে ডালিম প্রতীকের প্রার্থী মেহেদী হাসান নিখোঁজ হওয়ার বিষয়টি তার বাবা আমাকে জানিয়েছেন। পরে ওই ঘটনায় ওসিকে একটি জিডি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই কাউন্সিলর প্রার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। তাকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।