দেশব্যাপী চলা কঠোর লকডাইনের মধ্যেই কুমিল্লায় একদিনে রেকর্ড সর্বোচ্চ ২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৪ জন। এর আগে গত ১ জুলাই এ জেলায় সর্বোচ্চ ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সোমবার (৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৭ জনের মধ্যে ১৪৩ জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। আর মারা যাওয়া ৪ জনের মধ্যে তিনজনের বাড়িও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়। মারা যাওয়া অপর ব্যক্তির বাড়ি লাকসাম উপজেলার।
এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২৫৯ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৯৩ জন। আর সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৮৫ জন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেইন বলেন, কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৪২ দশমিক ১ শতাংশ। সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।